শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দল, এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট নিশ্চিত
দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বালক দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জিতেছে স্বর্ণ পদক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভারতের শিমলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।
এই জয়ের ফলে বাংলাদেশ আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২১ থেকে ২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে এই আসর।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনের ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও নেপালের সমান ৫ পয়েন্ট থাকলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২৩ সালে ভারতের অরুণাচল ও ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে রৌপ্য এবং ২০২৫ সালে নেপালের কাঠমান্ডুতে ব্রোঞ্জ পদক অর্জন করে দলটি।
এদিকে, অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে হেরে যায়। তাদের শেষ ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে। অন্যদিকে অনূর্ধ্ব-১৫ বালিকা দলও শ্রীলঙ্কা ও নেপালের কাছে পরাজিত হয়েছে। তাদের সামনে এখনও মালদ্বীপ ও ভারতের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে।


