সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সাভার, ৪ জুলাই: জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করার দাবিতে সাভারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দল মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সময়ের দাবি।

জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য ও সমন্বয় গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর উদ্দেশে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, একজন নেতাও জেলে যায় নাই, বিচারের মুখোমুখি হয় নাই, তিনি রাজাকার ছিলেন, বিচারের মুখোমুখি হয়েছেন, জেল খেটেছেন। এরপরেও জামায়াতের বিষয়ে প্রশ্ন তুললে আপনার বাবাকে কবর থেকে তুলে প্রশ্ন করেন তিনি রাজাকার ছিলেন তার বিচার হয়েছে কিন্তু জামায়াতে ইসলামীর কোনো নেতার কেন বিচার হয়নি। তাই সামনের দিনে আপনি এই ব্যাপারে সাবধানে কথা বলবেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন বলেন, দেশের ৭০ পার্সেন্ট লোকের রায়কে বর্তমান সরকার অবজ্ঞা করছে। জনগণের রায়কে অবজ্ঞা করায় আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা জেলা সভাপতি শেখ মোহাম্মদ আলী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুর রউফ ও অধ্যক্ষ শাহিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন ও উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য কবিরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ও দল মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম মজুমদার, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবার পার্টি এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top