সাভার, ৫ জুলাই: জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
রবিবার (৫ জুলাই) সাভার পৌরসভার একটি স্থানীয় মিলনায়তনে ‘৩৬ জুলাই’ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, “বিগত প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার সারাদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। এর মধ্যে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের শহীদ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশে জুলাই অভ্যুত্থানের সূচনা ঘটে। ওই অভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে রাজপথে নেমে আসে এবং শেষ পর্যন্ত সেই সরকারের পতন ঘটে।”
তিনি আরও বলেন, অতীতে বিএনপি ও জামায়াত একত্রে আন্দোলন-সংগ্রাম ও সরকার গঠন করেছে। কিন্তু বর্তমানে বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে- অনেক দিন ধরে জামায়াতের সাথে বিএনপির শত্রুতা।।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের মানুষের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষায় ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য, সম্প্রীতি ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তরুণ সমাজকে দেশপ্রেম, আদর্শিক চেতনা ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইনের শাসন, মানবাধিকার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
বক্তব্যের শেষে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং আন্দোলনের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, অধ্যক্ষ মো. শাহীনুল ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।


