শ্রীলঙ্কায় জ্বালানী বিক্রি বন্ধ

চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে এবার জ্বালানী বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছে শ্রীলঙ্কা। জরুরী নয় এমন যানবাহনগুলোর কাছে জ্বালানী বিক্রি না করতে নির্দেশ দেয়া হয়েছে পেট্রোল পাম্পগুলোকে।
বিবিসির খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় আগামী দুই সপ্তাহ বাস, ট্রেন ও চিকিৎসার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া আর কেউ জ্বালানী কিনতে পারবে না। ব্যক্তি মালিকানাধীন যানবাহনের কাছেও  বিক্রি বন্ধ থাকবে ১০ জুলাই পর্যন্ত।

এই আদেশ বাস্তবায়নে পাম্পগুলোতে সেনা প্রহরা বসানো হয়েছে।

দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বানডুলা গুনেওয়ার্দেনা বলেছেন, শ্রীলঙ্কা তার ইতিহাসে কখনই এমন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়নি।

রোববার লঙ্কান সরকারি কর্মকর্তারা বলেছেন, দেশে আর মাত্র ৯ হাজার টন ডিজেল ও ৬ হাজার টন পেট্রল মজুদ আছে। যা মাত্র কয়েকদিন জরুরি সেবায় ব্যবহার করা যাবে। নিয়মিত চাহিদা পূরণ করতে গেলেও এই জ্বালানি এক সপ্তাহ অথবা তারও কম সময়ের মধ্যে ফুরিয়ে যাবে। এর আগে রোববার দেশটিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

নগদ অর্থ সংকটে ধুঁকতে থাকা দেশটি ইতোমধ্যে রাশিয়া ও কাতারে সরকারি প্রতিনিধি দল পাঠিয়েছে। তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে লঙ্কান প্রতিনিধিরা দেশ দু’টি সফরে গেছেন।

অর্থনৈতিক সঙ্কটের মুখে দেশটিতে সরকার পতন হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিলেও তারা বলেছে, পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় লাগবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ৩ বিলিয়ন ডলারের একটি লোন বরাদ্দ করার চেষ্টা করছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top