হঠাৎ করেই গোলাপি আকাশ দেখা গেল অস্ট্রেলিয়ার একটি শহরে। গত বুধবার (২০ জুলাই) উত্তর ভিক্টোরিয়ার মিলডুরা নামের একটি শহরের আকাশে গোলাপি রং দেখে ভীত হয়ে পড়েন স্থানীয়রা।
ট্যামি সজোমোভস্কি নামের এক নারী বিবিসিকে বলেন, নিজে শান্ত থাকার চেষ্টা করে বাচ্চাদের বললাম ভয় পাওয়ার কিছু নেই; কিন্তু আমার মন বলছিলো- কী হচ্ছে এসব?
স্থানীয় আরো অনেকের মতো তার মাথায়ও ঘুরতে ছিলো, এটা কি কোনও এলিয়েনের আগমন? নাকি উল্কাপিণ্ড?
পরে জানা গেছে, স্থানীয় একটি গাঁজা চাষের খামার থেকে এই আলোর আভা ছড়াচ্ছে।
স্থানীয় আরেক বাসিন্দা নিকিয়া চ্যাম্পিয়ন প্রথমে ভেবেছিলেন এটা উজ্জ্বল লাল চাঁদ। তবে পরে বুঝতে পারেন আলো ছড়াচ্ছে মাটি থেকে। তিনি বলেন, আমার মাথায় পৃথিবী ধ্বংসের দৃশ্য ঘুরছিল।
অস্ট্রেলিয়ায় ২০১৬ সাল থেকে চিকিৎসা সংক্রান্ত কাজে গাঁজা বৈধ। দেশটিতে কিছু উৎপাদন খামার রয়েছে। তবে নিরাপত্তার কারণে সেগুলোর অবস্থান গোপন রাখা হয়।
ফসলটির উৎপাদন বাড়ানোয় সাহায্য করার জন্য লাল রঙের আলো ব্যবহার করা হয়। সাধারণত, সন্ধ্যায় সময় এই আলোগুলো বন্ধ করে রাখা হয়। তবে বুধবার কোন কারণে সন্ধ্যার আগে আলোগুলো বন্ধ হয়নি বলে জানান উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যান গ্রুপের এক মুখপাত্র।
যার ফলে স্থানীয় বাসিন্দারা আকাশে ওই আলো দেখতে পেয়েছেন।


