ন্যান্সি পেলোসি র যুক্তরাষ্ট্র সফরের বিরোধীতায় সরব হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এই সফরের মধ্যেমে পরিস্থিতি শুধু খারাপই হতে পারে।
শিগগিরই মার্কিন পার্লামেন্টের নিন্মকক্ষের স্পিকার পেলোসির এশিয়া সফর শুরু হবে। এই সফরে তার তাইওয়ান যাওয়ার পরিকল্পনার কথা প্রকাশ হতেই বিরোধীতা করতে শুরু করেছে চীন। তারা এই সফরকে বিপদ সীমা হিসেবে সাব্যস্ত করেছে।
ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পেলোসির তাইওয়ান সফরে চীনের সাথে ওয়াশিংটনের সম্পর্ক আরো খারাপ হবে। যদিও তার নিজ দল রিপাবলিকান পার্টির অনেক এমপিও এই সফরকে সমর্থন দিচ্ছেন।
নিজের তৈরি করা সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোস্যালে দেয়া এক পোস্টে পেলোসিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, চীনের ইস্যুটাতেই এখন শুধু তার নাক গলানো বাকি আছে। তিনি এই পরিস্থিতিকে শুধু আরো খারাপ করেই তুলতে পারেন।
ট্রাম্প আরো লিখেছেন, তিনি যেখানেই হাত দিয়েছেন- সেখানেই বিশৃঙ্খলা, ব্যাঘাত এবং বাজে কিছু হয়েছে।
পেলোসির আসন্ন সফর নিয়ে দুই পক্ষের উত্তেজনা বাড়ার মধ্যেই ট্রাম্প এসব কথা বললেন। নিজের প্রেসিডেন্সির সময় চীনের সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হলেও কোন ধরণের কূটনৈতিক বা সামরিক উত্তেজনা সৃষ্টি করেননি ট্রাম্প।
এমনকি রাশিয়ার সাথেও সম্পর্ক ছিলো স্থিতিশীল। উত্তর কোরিয়ার মতো দেশের সাথেও ট্রাম্প সমঝোতার আশায় সংলাপ করেছেন। তাইওয়ান নিয়ে তার এই অবস্থান সেসব নীতির কথাই মনে করিয়ে দিচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এর খবরে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন রিপাবলিকান পার্টির অনেক নেতা, যারা কিনা মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় ভুমিকার জন্য ন্যান্সি পেলোসি র প্রশংসা করে আসছেন।
কংগ্রেসের তাইওয়ান ককাসের চেয়ারম্যান স্টিভ চাবোট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত চীনের ভয়ে জড়োসড় না হয়ে তাইওয়ানের সাথে সংহতি প্রকাশ করা।


