পরপর চারজন মুসলিম টার্গেট কিলিংয়ের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাষ্ট্রের আল বুকার্ক শহরের মুসলিম কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, এসব হত্যাকাণ্ড হেটক্রাইমের অংশ। যে কারণে শুধু মুসলিমদেরই টার্গেট করা হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে আলবুকার্ক শহরের মসুলিমদের রাতে একা হাঁটতে নিষেধ করেছে নিউ মেক্সিকো ইসলামিক সেন্টার। একই সাথে চলার পথে কেউ অনুসরণ করছে কিনা সেটিও খেয়াল রাখতে বলা হয়েছে। এক বিবৃতিতে সোমবার এই আহ্বান জানিয়েছে অঙ্গরাষ্ট্রের মুসলিম সংস্থাটি।
আর স্থানীয় পুলিশ বলছে, হেট ক্রাইমের যে কোন ধরণের ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানাতে হবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাষ্ট্র নিউ মেক্সিকোর সবচেয়ে বড় শহর আলবুকার্কে গত কয়েকদিনে পরপর তিনজন মুসলিমকে হত্যা করা হয়েছে। এর আগে গত নভেম্বরে ঘটেছে একই ধরণের একটি হত্যাকা-। পুলিশ বলছে, নিহতদের ধর্মীয় পরিচয়ের কারণে এসব হত্যাকা- হচ্ছে।
যে কারণে শহরটির মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে আতঙ্ক। এক সপ্তহ আগে নিহত আফজাল হুসাইনের ভাই ইমতিয়াজ হোসাইন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, বাচ্চারা আমাকে অ্যাপার্টমেন্টের বাইরে যেতে দিতে চায় না। এমনকি বাগানে গাছে পানি দিতেও যেতে পারি না ভয়ে।
নিহত চারজনই ছিলেন নগরীর দক্ষিণাঞ্চলীয় একটি মসজিদের মুসল্লি। সেখানকার এক মুসল্লি বলেছেন, তিনিও হয়তো আর মসজিদে যাবেন না। কারণ নিজেকে হত্যাকা-ের পরবর্তী শিকার বানাতে চান না। অনেকে আবার শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। তদন্ত শেষ হওয়ার আগে ফিরবেন না।
আরেক বাসিন্দা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ওই মসজিদের মুসল্লিদের মধ্যে যারা রাত্রীকালীন ডিউটির চাকরি করতেন, তাদের অনেকেই চাকরি ছেড়েছেন ভয়ে।
মসজিদ কমিটির প্রেসিডেন্ট আহমদ আসাদ বলেন, আমি এই শহরেই বেড়ে উঠেছি; কিন্তু অতীতে কখনো এতটা আতঙ্ক বোধ করিনি। পুরো কমিউনিটিতেই আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।


