মালয়েশিয়ার রাজা কে
মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। দেশটির বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন। তার মেয়াদ শেষে ৩১ জানুয়ারি দায়িত্ব নেবেন নতুন রাজা ইব্রাহিম।
স্বাধীনতার পর থেকেই মালয়েশিয়ায় রয়েছে সাংবিধানিক রাজতন্ত্র। রাজা রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করে। জাতীয় নির্বাচনে বিজয়ী দল রাজার সাথে পরামর্শ করেই প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেয়। তারপরও দেশটিতে রাজার পদটি অনেকটাই প্রতীকী।
তবে মালয়েশিয়ার রাজতন্ত্র বিশ্বের অন্য যেকোন রাজতন্ত্রের চেয়ে আলাদা। কারণ মালয়েশিয়ায় কোন বংশীয় রাজতন্ত্র নেই। উত্তরাধীকার সূত্রে কেউ রাজা হতে পারেন না। রাজা নির্বাচিত হন একটি বিশেষ কাউন্সিলের ভোটাভুটিতে।
মালয়েশিয়ার রাজা কারা হন
প্রাচীনকালে মালয়েশিয়া ছিলো নয়টি রাজপরিবারের শাসনাধীন। ১৮৭৪ সালে ব্রিটিশ শাসনের অধীনে যায় অঞ্চলটি। তবে ব্রিটিশ শাসনের অধীন থাকার সময়ও রাজপরিবারগুলোর শাসন চালু ছিল। প্রশাসনিক কাজে কার্যকারিতার কথা চিন্তা করে ব্রিটিশরা রাজপরিবারগুলোর শাসন বিলুপ্ত করেনি।
১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীনতা পায় ব্রিটিশদের কাছ থেকে। ওই বছর রচিত নতুন সংবিধানে রাজা পদটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ হিসেবে রাখা হয়। মালয়েশিয়ায় রয়েছে ১৩টি প্রদেশ নিয়ে ফেডারেল শাসন ব্যবস্থা। প্রাচীন মালয় রাজ্যগুলোর ওপর ভিত্তি করে ৯টি ও অন্য এলাকাগুলো নিয়ে ৪টি প্রদেশ গঠিত হয়। প্রাচীন ঐতিহ্য বজায় রেখে ৯ প্রদেশের এই রাজপরিবারগুলোকে দেয়া হয় বিশেষ সম্মান। প্রাদেশিক রাজাকে বলা হয় সুলতান।
প্রদেশভিত্তিক নির্বাচিত সরকার থাকলেও সেখানে সুলতান সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ধর্মীয় বিষয়াদির সর্বোচ্চ দায়িত্বশীলও সুলতান। দেশটির সংবিধানের ৩৮তম ধারায় বলা হয়, এই ৯ প্রদেশের সুলতানদের মধ্য থেকেই নির্বাচিত হবেন দেশটির রাজা। পর্যায়ক্রমে জেষ্ঠ্যতার ভিত্তিতে একজনের পর একজন সুলতান রাজা নির্বাচিত হবেন।

আর রাজা নির্বাচিত করার দায়িত্ব এই সুলতানদের সমন্বয়ে গঠিত ‘কাউন্সিল অব রুলার’-এর, মালয় ভাষায় যাকে বলা হয় ‘মজলিশ রাজা-রাজা’। যে ৪টি প্রদেশে রাজপরিবার বা সুলতান নেই, সেখাকার গভর্নররা এই পরিষদের সদস্য, যদিও রাজা নির্বাচনে গর্ভনরদের ভোটাধিকার নেই।
কিভাবে রাজা নির্বাচিত হন
মালয়েশিয়ায় রাজাকে বলা হয় ‘অ্যাগোং’ যার অর্থ ‘কিং অব দ্য কিং’ বা রাজাদের রাজা। রাজা নির্বাচনের প্রয়োজন হলে ‘কাউন্সিল অব রুলারের’ বিশেষ সভা ডাকা হয়। এই সভা থেকেই সুলতানদের মধ্য থেকে একজন রাজা নির্বাচিত হন। এক্ষেত্রে সাধারণ নিয়ম হলো- সুলতানদের মধ্য থেকে জেষ্ঠ্যতার ভিত্তিতে রাজা নির্বাচিত হবেন। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে প্রয়োজন ভোটাভুটি।
জেষ্ঠ্যতম সুলতানের রাজা হওয়ার বিষয়ে সব সুলতানরা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেন। ভোটের জন্য সুলতানদের প্রত্যেককে একটি করে ব্যালট পেপার ও একই ধরনের কলম দেয়া হয়। ৫ জন পক্ষে ভোট দিলে ওই সুলতান রাজা নির্বাচিত হবেন। দুর্বল স্বাস্থ্যসহ কয়েকটি মৌলিক কারণে একজন সুলতানের রাজা হওয়ার বিরোধীতা করা যায়।
তাই প্রথম জনের পক্ষে ৫ ভোট না পড়লে কিংবা তিনি নিজে থেকে রাজা হতে অনিচ্ছা প্রকাশ করলে জেষ্ঠ্যতার দিক থেকে দ্বিতীয় সুলতানের বিষয়ে ভোটাভুটি হবে। তিনিও নির্বাচিত না হতে পারলে তৃতীয়জনের বিষয়ে ভোটাভুটি। এভাবেই মালয়েশিয়া পায় তার নতুন রাজা। যিনি দায়িত্ব নেন পরবর্তী ৫ বছরের জন্য। একই সাথে রাজার একজন ডেপুটিও নির্বাচিত করা হয়।
কেন এমন নিয়ম
স্বাধীনতা লাভের পর রাজপরিবারগুলোর মর্যাদা অক্ষুন্ন রাখতে এই পদ্ধতি প্রচলন করে মালয়েশিয়া। আবার সুলতানদের মধ্যে কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নন সেটি বোঝাতে পর্যায়ক্রমে সব সুলতানই রাজা হওয়ার সুযোগ পান। নেগরি সিমবিলান প্রদেশের সুলতান টেঙ্কু আবদুর রহমান ছিলেন মালয়েশিয়ার প্রথম রাজা। তিনি ছিলেন ব্রিটেন থেকে ডিগ্রি নেয়া ব্যারিস্টার।
আরো পড়ুন :
নতুন রাজা ইব্রাহিম দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশের সুলতান। রিয়েলে এস্টেট ও খনি বাণিজ্যের সঙ্গ যুক্ত সুলতানের বিলাসবহুল গাড়ি ও মোটর সাইকেলের প্রতি দুর্বলতা রয়েছে। তার গাড়ি ও মোটর সাইকেরের সংগ্রহশালাটিও বেশ সমৃদ্ধ।
তার ডেপুটি নির্বাচিত হয়েছেন পেরাক প্রদেশের সুলতান নাজরিন শাহ।
সাধারণ নাগকিরদের কাছে রাজপরিবারগুলো অত্যন্ত সম্মানীয়। তবে সমালোচকরা বলেন, অন্যদের ওপরে মালয় জাতীয়দের আধিপত্য বজায় রাখতে এই রাজতন্ত্র রাখা হয়েছে মালয়েশিয়ার সংবিধানে। অনেকেই বলেন, রাজা শুধুমাত্র মালয় জাতির প্রতিনিধিত্ব করেন। দেশটির জনসংখ্যা প্রধানত তিনটি জাতীয়তার। এদের মধ্যে ৬৯ শতাংশ মালয়, ২৩ শতাংশ চীনা ও ৭ শতাংশ ভারতীয়।
প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ তার ক্ষমতার প্রথম মেয়াদে রাজা ও সুলতানদের ক্ষমতা কিছুটা খর্ব করেছিলেন। রাজ্য ও ফেডারেল পার্লামেন্টে সুলতানদের ভেটো ক্ষমতা তুলে দেন মাহাথির।
লেখকের ফেসবুক পেজে যুক্ত হতে লাইক দিন : আহমেদ


