বাংলাদেশ হবে সবার, সরকার হবে জনগণের : আমিরে জামায়াত

জামায়াত কি অনুগত বিরোধী দল হবে?

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে অনুগত বিরোধী দল হবে না’ বলে জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, ‘দেশে একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি। খুশিতে হোক আর অখুশিতে হোক। আমরা অতীতের কালচারে ফিরে যেতে চাইনি যে, নির্বাচন মানি না।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, আমরা অনুগত বিরোধী দল হবো না। শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করবো না। সরকারের ভালো কাজের সবকিছু সমর্থন দেবো। মন্দ কিছু হলে রুখে দেবো।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, ‘অতীতের বিরোধী দলের মতো শুধু অন্ধের মতো বিরোধিতা করবো না। অতীতে অন্ধের মতো বিরোধিতা করে দেশের ক্ষতি করা হয়েছে। আমরা সেরকম বিরোধী দল হতে চাই না। যেটা সঠিক, সেটার সমর্থন দেবো।’

তিনি আরো বলেন, ‘সরকারি দল অপরাধ ও চাঁদাবাজি দূর করতে পারলে ৫ বছর পর দেশ বদলে যাবে। সরকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে সবাইকে মাশুল দিতে হবে।’

ডা: শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ এ দেশে বিপুল জনশক্তি সৃষ্টি করেছেন। তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এ দেশের উন্নতি হবে। আমি সংসদে যেন সঠিক ভূমিকা রাখতে পারি, আপনারা সেই দোয়া রাখবেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top