ইসরাইলি দূতের সাথে হ্যান্ডশেক না করায় চাকরিচ্যুত

ইসরাইলি রাষ্ট্রদূতের সাথে হ্যান্ডশেক করতে রাজি না হওয়ায় শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। শেখ মাই বিনতে মোহাম্মাদ আল খলিফা নামের ওই নারী কর্মকর্তা ছিলেন বাহরাইনের সংস্কৃতি ও পুরাকীর্তি বিষয়ক সংস্থার প্রেসিডেন্ট।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার নির্দেশে ওই নারী কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত ১৬ জুন রাজধানী মানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাবার শেষকৃত্য অনুষ্ঠানে ইসরাইলি রাষ্ট্রদূত এইতান নায়েহ- এর সাথে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানান শেখ মাই বিনতে মোহাম্মাদ। এমনকি ইসরাইলি রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন জেনেই তিনি, ওই অনুষ্ঠান ছেড়ে চলে যান। এরপর মার্কিন দূতাবাসকে অনুরোধ করেন তার উপস্থিতির কোন ছবি যাতে প্রকাশ না করা হয়।

বাহরাইন সরকারের একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা বর্তমানে আলবেনিয়ায় সফরে রয়েছেন। সেখান থেকে তার ফেরার অপেক্ষা না করেই চাকরিচ্যুত করা হয়েছে। এবং তার জায়গায় আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

শেখ মাই বাহরাইনের রাজপরিবারের সদস্য। গত ২০ বছর ধরে তিনি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এক মেয়াদে তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তবে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের বিরোধী ছিলেন তিনি।

এই ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি রাষ্ট্রদূতের সাথে শেখ মাইয়ের হ্যান্ড করতে অনীহাই প্রমাণ করছে বাহরাইনের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের কতটা সমর্থন করে।

১ thought on “ইসরাইলি দূতের সাথে হ্যান্ডশেক না করায় চাকরিচ্যুত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top