ইসলামি ব্যাংকিং চালু করছে রাশিয়া

পশ্চিমা অর্থনৈতিক অবরোধ কাটিয়ে উঠতে এবার ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে রাশিয়া। মুসলিম বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিচ্ছে ভ্লদিমির পুতিনের দেশ। সম্প্রতি এ বিষয়ক একটি আইনের খসড়া প্রস্তুত করেছে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনাময় ইসলামিক ব্যাংকিং সেক্টর প্রাণ সঞ্চার করতে পারে চ্যালেঞ্জের মুখে পড়া রাশিয়ার অর্থনীতিতে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সম্প্রতি রাশিয়ার বহুল প্রচারিত দৈনিক কোমেরসান্ত পত্রিকায় এক রিপোর্টে বলা হয়েছে, ঋণদানে জড়িত নয় এমন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর জন্য ফিন্যান্সিয়াল পার্টনারশিপ অর্গানাইজেশন নামের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। শরীয়া সম্মত আর্থিক ব্যবস্থা থাকবে এই প্রকল্পের আওতায়।

রাশিয়ার কেন্দ্রিয় ব্যাংকের অধীনে এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই প্রকল্প। রুশ পার্লামেন্টের নিন্মকক্ষ স্টেট ডুমার ফিন্যান্সিয়াল মার্কেট কমিটির প্রধান আনাতোলি আকসাকোভ জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে এ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, বিশ্বে ইসলামিক ব্যাংকিং সেক্টরের পরিধি ক্রমশই বাড়ছে। প্রতি বছর ১৪ শতাংশ হারে বৃদ্ধি পাওয়া এই ব্যাংকিংয়ের পরিমান দাড়িয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের মোট ব্যাংকিংয়ের ৬ শতাংশ।

রাশিয়ার খসড়া বিলটিতে বলা হয়েছে, এ ধরণের প্রকল্প চালু হলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তহবিল সংগ্রহ করতে পারবে এবং অংশীদারিত্বের ভিত্তিতে মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী সেগুলো বিনিয়োগ করা হবে।

রাশিয়ার কেন্দ্রিয় ব্যাংক এই উদ্যোগের জন্য প্রস্তুত, তবে শুরুতে তারা চাইছে স্বল্প পরিসরে কাজ করতে।

রুশ সরকারের খসড়া বিলটিতে বলা হয়েছে, ইসলামিক আইনে সুদ নিষিদ্ধ করা হয়েছে। তাই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই সেবা দিতে পারবে না। নতুন এই প্রকল্পের আওতায় ইসলামিক বিধি মেনেই সেবা দিতে হবে।

রাশিয়ায় ইসলামিক ব্যাংকিং নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। গত বসন্তে ইসলামি অর্থায়ন বিষয়ক একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছিল। যার উদ্দেশ্যে ছিলো সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম দেশগুলো থেকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top