মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে, তবে তার মধ্যে ফিলিস্তিন সঙ্কট নেই। এমনটাই মনে করছেন ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষকরা। যে কারণে এই সফর নিয়ে খুব বেশি আশাবাদী হতেও পারছেন না তারা।
বিশেষজ্ঞদের এমন মতামত উঠে এসেছে ফিলিস্তিন ভিত্তিক সাফা নিউজ এজেন্সির এক রিপোর্টে।
আগামী ১৩ জুলাই ইসরাইল সফরের মাধ্যমে এই অঞ্চলে শুরু হবে বাইডেনের সরকারি সফর। এরপর অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরে বৈঠক করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে। সৌদি আরবে তিনি আরব দেশগুলোর নেতাদের সাথে একটি সম্মেলনে অংশ নেবেন।
ফিলিস্তিনি বিশ্লেষক আহমেদ রফিক আওয়াদ এক সাক্ষাৎকারে বলেছেন, এই সফরে বাইডেনের প্রধান দুটি উদ্দেশ্য হলো- ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ওঠা এবং ইরানি হুমকি মোকাবেলায় একটি জোট গঠন করা, যাতে আরব দেশগুলোর পাশাপাশি থাকবে ইসরাইল।
রফিক আওয়াদ বলেন, এই সফরের উদ্দেশ্য ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা, আরব বিশ্বে সাথে দেশটিকে একীভূত হওয়ার সুযোগ করে দেয়া এবং মধ্যপ্রাচ্যের নেতা হয়ে উঠতে সাহায্য করা। আর আরব দেশগুলো থেকে জ¦ালানী নিয়ে যুক্তরাষ্ট্রের বাজার স্থিতিশীল করা বাইডেনের দ্বিতীয় লক্ষ্য বলে মনে করেন তিনি।
এই বিশ্লেষক মনে করেন, এসবের মাধ্যমে আসছে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে জো বাইডেন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চান। তবে ফিলিস্তিনিদের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না এই সফর।
আওয়াদ বলেন, বাইডেন হচ্ছেন একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট, যার ফিলিস্তিন সঙ্কট নিরসনের কোন পরিকল্পনা নেই। আর এই সফর থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে ইসরাইল।


