লড়াইয়ের ডাক ইমরান খানের : ইমরান খানের গ্রেফতারের পর সম্ভাব্য আন্দোলন দমাতে পিটিআই নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে পাকিস্তানে। ০৫ আগস্ট শনিবার দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৬৭ পিটিআই নেতাকর্মীকে গ্রেফতার কররেছে পুলিশ। কোথাও তাদের বিক্ষোভ করতে দেয়া হয়নি।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তোষাখানা মামলায় ইমরান খানের তিন বছরের কারাদ-ের রায়ের পরই পিটিআই কর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করে। শনিবার আদালত ইমরান খানকে তাৎক্ষণিক গ্রেফতার ও এক লাখ পাকিস্তানি রুপি জরিমানার নির্দেশ দেয়। গ্রেফতারের পর পিটিআই চেয়ারম্যানকে ইসলামাবাদে নেয়া হয়।
গ্রেপ্তারের আগে নিজ সমর্থক ও দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন ইমরান খান। ভিডিও বার্তায় দেশের জনগণকে বাড়িতে নীরব হয়ে বসে না থাকার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, আমি আমার জন্য নয়, আপনি এবং আপনার সন্তানদের জন্য লড়াই করছি। তাই আপনাদের অনুরোধ করছি, ন্যায়ের জন্য লড়াইয়ে শামিল হতে।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা ওই ভিডিও বার্তার সাথে ইমরান খান লিখেছেন, আমাকে গ্রেফতার করা হবে। গ্রেফতর হওয়ার আগমুহূর্তে এই ভিডিওটি ধারণ করেছি। এর কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর লাহোরের জামান পার্কে ইমরান খানের বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মীদের মধ্যে থেকে ৩৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এমনকি শান্তিপূর্ণভাবেও বিক্ষোভ করতে দেয়া হয়নি তাদের। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, লাহোরেরও কোথাও পিটিআইকে বিক্ষোভ করতে না দেয়ার নির্দেশ রয়েছে পুলিশের ওপর।
লাহোর ছাড়াও পেশোয়ারে ১৫ পিটিআই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া করাচিসহ পাকিস্তানের আরো অনেক শহরে গ্রেফতারের খবর পাওয়া গেছে। করাচিতে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ স্টোর


