আজব এক রোগে আক্রান্ত জাতি আমরা। কোন কিছুর বিকল্প খুজেঁ পাই না, অথবা খুঁজে পাও চেষ্টাটাই করি না। মাহমুদুল্লাহ রিয়াদকে কেন দলে রাখা হয় নাই তার প্রতিবাদে নাকি নাকি- মানববন্ধনও হতে যাচ্ছে।
৩৭ বছর বয়সী রিয়াদ (আসল বয়স বেশি হতে পারে) অভিজ্ঞ সন্দেহ নাই; বাংলাদেশ দলকে তিনি দিয়েছেনও অনেক কিছু। লাল-সবুজদের হয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান তিনি; কিন্তু তাকে আর কতকাল বয়ে বেড়াতে হবে? এখনো তার কাছ থেকে সার্ভিস পেতে হবে?
শচীনকেও ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ দিয়েছে ভারত। পরের বছর টেস্ট ক্রিকেট থেকেও তাকে এক প্রকার জোর করে বিদায় করেছে। কারণ পুরনোরা জায়গা আকড়ে থাকলে নতুনরা তৈরি হয় না।
২০০৭ সালের বিশ্বকাপের বাংলাদেশ দলটার কথা মনে আছে? টগবগে একদল তরুণ পারফরমার বেড়িয়েছে ওই দলটা থেকে। তামিম, সাকিব, মুশফিক, শাহরিয়ার নাফিস, মাশরাফি। ওই দলটা কি এমনিতেই তৈরি হয়েছে! ২০০২ সালে ডেভ হোয়াটমোর কোচ হয়ে এসে ‘বুড়োদের’ বিদায় না করলে ওই দলটা পাওয়া যেত না। ওই দলটাই পরবর্তীতে বাংলাদেশের জন্য অনেক অর্জন নিয়ে এসেছে; কিন্তু প্রকৃতি নিয়মে সবাইকে এক সময় বিদায় নিতে হয়।
মাহমুদুল্লাহ রিয়াদ
শ্রীলঙ্কার উদাহরণ দেয়া যায়। ২০১৫ সালে কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনে অবসর নেয়ার পর দলটা বলতে গেলে তারকাশূন্য হয়ে পড়ে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ২০১৯ বিশ্বকাপে দলটির একমাত্র তারকা ছিলেন লাসিথ মালিঙ্গা। মোটকথা ওই সময় একটা বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। একদল অনভিজ্ঞ আর নতুন খেলোয়াড়কে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়েছে দ্বীপ দেশটি। কিন্তু একটা সময় শ্রীলঙ্কা আবার দাড়িয়ে গেছে। এখন তারা একটি ব্যালান্সড টিম। গত এশিয়া কাপে তারা শিরোপা জিতেছে। এবারও নিজের দেশে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে তাদের ধরা হচ্ছে।
এভাবেই একটি দল দাড়ায়। কিন্তু কোন তারকাকে তার অতীত অবদানের জন্য দলে বয়ে বেড়ানো কখনো পেশাদারিত্ব হতে পারে না। বাংলাদেশের আরো আগেই ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ আর অভিজ্ঞতার মিশেলে সম্ভাব্য দল নিয়ে আগানো উচিত ছিলো। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে হয়তো এবার না হলেও পরের কোন আসরে আমরা আবার একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে মাঠে নামতে পারবো।
সিনিয়র ক্রিকেটারদেরও উচিত সময় থাকতে মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ লুফে নেয়া। ঠেলে পাঠানোর আগে সম্মানের সাথে বিদায় নেয়া। যদিও এশিয়ার ক্রিকেটারদের ক্ষেত্রে এমন মানসিকতা খুব একটা দেখা যায় না।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া
১৩ আগস্ট, ২০২৩
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন : আহমেদ স্টোর


