বিনয় আত্মমর্যাদাবোধসম্পন্ন মানবিক শক্তির প্রকাশ

বিনয়কে মহৎ গুণ হিসেবে মূল্যায়ন করে মানুষকে বিনয়ী হতে উৎসাহিত করা হয়। কিন্তু সমাজের নির্মম বাস্তবতা হলো– বিনয় অনেক সময় সম্মানের পরিবর্তে শোষণের কারণ বা সুযোগ হয়ে দাঁড়ায়। যে মানুষ নম্র, ভদ্র, সহনশীল ও সহযোগিতাপরায়ণ, তিনিই অনেক ক্ষেত্রে সবচেয়ে বেশি অবমূল্যায়িত, প্রতারিত এবং অতিরিক্ত দায়িত্বের ভারে ন্যুব্জ হন। বিনয় যখন গৌরবের না হয়ে অন্যের স্বার্থসিদ্ধির উপকরণে পরিণত হয়, তখন বিনয় মহত্ত্বের হয় না; এমনকি বিনয়ীই বিব্রতকর অবস্থায় পড়েন।

“নরম মাটিতে বিড়ালও খামচি মারে”–এই বাংলা প্রবাদটি মানব-আচরণের একটি গভীর মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বাস্তবতার প্রতিফলন। যেখানে প্রতিরোধ কম, সেখানে আগ্রাসন বাড়ে। এটি শুধু মানুষের নয়, প্রাণিজগতেরও একটি স্বাভাবিক প্রবণতা। বিবর্তনমূলক মনোবিজ্ঞানের (Evolutionary Psychology) আলোচনায় দেখা যায়, অধিকাংশ প্রাণী কম ঝুঁকির লক্ষ্যকেই আক্রমণ করতে আগ্রহী হয়। মানুষের মধ্যেও এই প্রবণতা নানাভাবে কাজ করে। তাই অনেক সময় সাহসী নয়, বরং নীরব মানুষটিই অন্যায়ের সহজ শিকার হয়ে ওঠেন।

বিনয় (Humility) এবং আত্মসম্মানহীনতা (Low Self-esteem) এক বিষয় নয়, মৌলিক পার্থক্য রয়েছে । বিনয় আর মানুষকে খুশি রাখার অসুস্থ প্রবণতা (People Pleasing) কিংবা সংঘাত এড়ানোর মানসিকতা (Conflict Avoidance) একই নয়। প্রকৃত বিনয় হলো নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা, কিন্তু নিজের মর্যাদা বিসর্জন না দেওয়া। অন্যদিকে আত্মসম্মানহীন ব্যক্তি অন্যের অসন্তুষ্টির ভয়ে নিজের অধিকারও ছেড়ে দেন। ফলে অনেক বিনয় বাস্তবে আত্মরক্ষার অক্ষমতা কিংবা প্রত্যাখ্যাত হওয়ার ভয়!তাই সব নীরব মানুষ বিনয়ী নন; অনেকেই ভীত, অনিশ্চিত বা মানসিকভাবে ক্লান্ত।

Behavioural Reinforcement বা আচরণগত পুনর্বলন ধারণা অনুযায়ী, মানুষ যখন দেখে কোনো ব্যক্তি প্রতিবাদ করেন না, তখন অবচেতনভাবেই তার ওপর আরও চাপ প্রয়োগ করতে শেখে। অফিসে একজন কর্মী কখনো “না” বলেন না, তাই তাঁকেই বারবার নতুন দায়িত্ব দেওয়া হয়। পরিবারে একজন সবসময় ছাড় দেন, তাই তাঁর কাছ থেকেই আরও ছাড় আশা করা হয়। একসময় এটি অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ, মানুষ অনেক সময় অন্যকে শোষণ করতে শেখে সেই ব্যক্তির দীর্ঘদিনের নীরবতা থেকেই।

কর্মক্ষেত্রে প্রায়ই দেখা যায়, সবচেয়ে কর্মঠ কর্মীই সবচেয়ে বেশি কাজের ভার বহন করেন। এ ধরনের প্রবণতাকে “Competence Penalty” নামে ব্যাখ্যা করা হয়। দক্ষতার পুরস্কার হিসেবে প্রশংসা বা উন্নয়ন না দিয়ে আরও দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ফলে দক্ষ কর্মী মানসিক অবসাদ (Burnout), কর্ম-অনুপ্রেরণার হ্রাস এবং নীরব ক্ষোভে আক্রান্ত হন। বিপরীতে কম দক্ষ বা দায়িত্ব এড়িয়ে চলা কর্মী তুলনামূলক স্বস্তিতে থাকেন। এটি শুধু ব্যবস্থাপনার ব্যর্থতা নয়; এটি নৈতিক অবিচারও।

গেম থিওরির (Game Theory) আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হলো Repeated Interaction। মানুষ যদি বারবার একই ব্যক্তির কাছ থেকে ছাড় পায়, তাহলে সেই ছাড়কে সে নতুন স্বাভাবিক নিয়ম হিসেবে ধরে নেয়। প্রথমবার দেওয়া উদারতা দ্বিতীয়বার প্রত্যাশায় পরিণত হয়, তৃতীয়বার দাবিতে রূপ নেয়, আর চতুর্থবার তা অধিকার বলে মনে হয়। এই অবস্থাকে Exploitation Equilibrium বলে, যেখানে একতরফা উদারতা দীর্ঘমেয়াদে শোষণের ভারসাম্য তৈরি করে।

বাজারেও একজন ভদ্র, মার্জিত ও তর্কবিমুখ ক্রেতাকে কম ওজন দেওয়া, নিম্নমানের পণ্য সরবরাহ করা কিংবা অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করা হয়। কারণ প্রতারক ভাবেন—তিনি প্রতিবাদ করবেন না। আচরণগত অর্থনীতি (Behavioural Economics) বলছে, যেখানে প্রতারণার সম্ভাব্য লাভ বেশি এবং ধরা পড়ার ঝুঁকি কম, সেখানে প্রতারণা বৃদ্ধি পায়। অর্থাৎ ভদ্র ক্রেতা প্রতারিত হওয়ার কারণ শুধু অসৎ বিক্রেতা নয়; বরং অসৎ বিক্রেতার কাছে ঝুঁকিহীন লক্ষ্য হয়ে ওঠা।
সহানুভূতির অপব্যবহার আরও ভয়াবহ । সমাজে এমন মানুষও রয়েছে যারা অসুস্থতার ভান করে, মিথ্যা দারিদ্র্যের গল্প বলে, ভুয়া বিপদের কথা জানিয়ে মানুষের সহমর্মিতা আদায় করে। Manipulative Behaviour এর ফলে প্রকৃত অসহায় মানুষদেরও সন্দেহের চোখে দেখা হয়। একজন প্রতারকের কারণে শতজন প্রকৃত অভাবগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হন। সহানুভূতি যখন প্রতারণার উপকরণে পরিণত হয়, তখন সমাজের নৈতিক মূলধন (Moral Capital) ক্ষয়ে যেতে থাকে।

Social Dominance Theory ব্যাখ্যা করে যে, ক্ষমতার সম্পর্ক সবসময় কেবল অর্থ বা পদমর্যাদার ওপর নির্ভর করে না; মানুষের ব্যক্তিত্ব ও প্রতিক্রিয়াও সেখানে ভূমিকা রাখে। যে ব্যক্তি নিজের সীমা নির্ধারণ করেন না, তাঁকে মানুষ সহজেই নিয়ন্ত্রণযোগ্য মনে করে। আবার Moral Hazard তত্ত্ব বলছে, যখন অন্যায় করার কোনো বাস্তব মূল্য দিতে হয় না, তখন অন্যায়ের প্রবণতা বেড়ে যায়। ভদ্র মানুষের নীরবতা তাই অনেক সময় অসৎ মানুষের সাহস বাড়িয়ে দেয়।

দর্শনের আলোচনায় এরিস্টটল (Aristotle) তাঁর Virtue Ethics-এ বলেন, প্রতিটি গুণেরই একটি মধ্যপন্থা রয়েছে। বেপরোয়া হওয়া ও কাপুরুষতার অবস্থা যেমন সাহস নয়, তেমনি অহংকার ও আত্মবিলোপ কোনোটাই বিনয় নয়। আত্মমর্যাদা ধ্বংস করলে বিনয় আর গুণ থাকে না; সেটি দুর্বলতায় রূপ নেয়। আত্মমর্যাদা অহংকারে পরিণত হলেও তা নৈতিকতা হারায়। সুতরাং বিনয়ের প্রকৃত রূপ হলো মর্যাদাবোধসম্পন্ন নম্রতা।

মানুষের মর্যাদাকে (Human Dignity) নৈতিকতার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন ইমানুয়েল কান্ট। তাঁর মতে, মানুষকে কখনোই কেবল অন্যের স্বার্থসিদ্ধির উপকরণ হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু বিব্রত বিনয়ীর জীবন প্রায়ই এর বিপরীত চিত্র তুলে ধরে। তাঁর ভদ্রতা, দায়িত্ববোধ ও মানবিকতাকে অন্যরা নিজের সুবিধার জন্য ব্যবহার করে। এটি শুধু ব্যক্তিগত নয়; নৈতিক দৃষ্টিতেও অন্যায়।

ইসলাম এই বিষয়ে অত্যন্ত ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। কুরআন মানুষকে নম্রভাবে চলার নির্দেশ দেয়, আবার একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকারও শিক্ষা দেয়। আল্লাহ বলেন, “তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো।” (সূরা আন-নিসা ৪:১৩৫)। রাসুলুল্লাহ (সা.) ছিলেন সর্বাধিক বিনয়ী, কিন্তু তিনি কখনো জুলুমকে প্রশ্রয় দেননি। তিনি নিজের জন্য প্রতিশোধ নিতেন না, কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘিত হলে দৃঢ় অবস্থান গ্রহণ করতেন। অর্থাৎ ইসলামী বিনয় আত্মসমর্পণ নয়; এটি মর্যাদাসম্পন্ন নম্রতা।

যোগাযোগবিজ্ঞানে Assertiveness বিশেষভাবে গুরুত্বপূর্ণ দক্ষতা। Assertiveness মানে রূঢ় হওয়া নয়; আবার অতিরিক্ত নরম হওয়াও নয়। এর মাধ্যমে মানুষ ভদ্রতা বজায় রেখেই নিজের অধিকার, সীমা এবং মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। প্রকৃত বিনয়ের সঙ্গে Assertiveness-এর কোনো বিরোধ নেই; বরং এ দুয়ের সমন্বয়ই সুস্থ ব্যক্তিত্বের লক্ষণ।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কিংবা রাষ্ট্র—সবখানেই একটি বিপজ্জনক সংস্কৃতি গড়ে উঠতে পারে, যদি বিনয়কে দুর্বলতা হিসেবে দেখা হয়। তখন শিশুরা শিখে যায়, ভদ্র হলে ঠকতে হয়; কর্মীরা শিখে যায়, নিষ্ঠার পুরস্কার অতিরিক্ত কাজ; ব্যবসায়ীরা শিখে যায়, নরম ক্রেতাকেই ঠকানো সহজ; প্রতারকরা শিখে যায়, মানুষের সহানুভূতি একটি লাভজনক সম্পদ। এর ফলে সমাজে আস্থা, ন্যায়বোধ ও মানবিকতা ক্রমশ ক্ষয় হতে থাকে।

অন্যদিকে, যে সমাজ বিনয়কে সম্মান করে, সেখানে মানুষ ভালো থাকার প্রেরণা পায়। কর্মঠ ব্যক্তি স্বীকৃতি পান, ভদ্র ক্রেতা ন্যায্য সেবা পান, সহমর্মিতা প্রকৃত অভাবগ্রস্তের কাছে পৌঁছায় এবং সততা সামাজিক শক্তিতে পরিণত হয়। এমন সমাজে মানুষ জানে—ভালো হওয়া বোকামি নয়, বরং সভ্যতার ভিত্তি।

একটি সমাজ ও সভ্যতার প্রকৃত মান নির্ধারিত হয় এই প্রশ্নে—সে কি শক্তিমানকে আরও শক্তিশালী করে, নাকি বিনয়ী ও ন্যায়পরায়ণ মানুষকেও নিরাপদ মর্যাদা দেয়? কারণ বিনয়কে রক্ষা করা শুধু বিনয়ীর দায়িত্ব নয়; এটি পরিবার, প্রতিষ্ঠান, রাষ্ট্র এবং সমগ্র সমাজের নৈতিক দায়িত্ব। যে সমাজ বিনয়কে দুর্বলতা মনে করে, সেখানে অন্যায় ক্রমে স্বাভাবিক হয়ে ওঠে। আর যে সমাজ বিনয়কে মর্যাদা দেয়, সেখানে শক্তিও মানবিক হয়, ন্যায়ও সুসংহত হয় এবং মানুষ একে অপরের প্রতি আস্থা হারায় না। প্রকৃত বিনয় কখনো আত্মবিলোপ নয়; এটি আত্মমর্যাদাসম্পন্ন মানবিক শক্তির সর্বোচ্চ প্রকাশ।

লেখক: গবেষক ও সাংবাদিক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top