দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতকে ঘিরে সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব কমিটির কাছে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা উল্লেখ ছিল।
প্রথম প্রস্তাব অনুযায়ী, ইয়ার এনার্জি এজি থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল এবং তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনাল থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবগুলো উপস্থাপন করলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা নীতিগতভাবে অনুমোদন করে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার সরকারি ছুটির দিনেও সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছিল।


