মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের বালাকং ও শাহ আলমের শিল্প এলাকায় পরিচালিত এক সমন্বিত অভিযানে ৬৫ বাংলাদেশিসহ মোট ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে অভিবাসন বিভাগ, কাস্টমস, পরিবেশ অধিদফতর ও শ্রম বিভাগসহ বিভিন্ন সংস্থার ১৪৫ জন কর্মকর্তা অংশ নেন। কুয়ালালামপুর ও আশপাশের শিল্পাঞ্চলে অবৈধভাবে কাজ করা বিদেশি শ্রমিক এবং আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মোট ১৬২ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইনে লঙ্ঘনের অভিযোগে ১৩৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি, ১৭ জন মিয়ানমারের, ১৮ জন পাকিস্তানের, ১৫ জন নেপালের, ১১ জন ইন্দোনেশিয়ার এবং ভারত, চীন ও ভিয়েতনামের কয়েকজন নাগরিক রয়েছেন। তাদের অধিকাংশই ২০ থেকে ৪৫ বছর বয়সী পুরুষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অবৈধ পরিচয়পত্র ব্যবহারের মতো অভিযোগ রয়েছে। অভিযানের সময় রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ শুল্কবিহীন মদ ও সিগারেটও জব্দ করে।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য অভিবাসন আটক কেন্দ্রে (ডিপো) পাঠানো হয়েছে।

এদিকে জাকারিয়া শাবান সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ আগামী এপ্রিল ২০২৬-এ শেষ হচ্ছে। এ সময়সীমার মধ্যে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top