প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রুস্তম উমারভ এর নাম প্রস্তাব করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি এখন পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পার্লামেন্ট উমারভকে ভালো করেই চেনে। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তিনি আশা করেন পার্লামেন্ট সদস্যরা তার নিয়োগের বিরোধীতা করবেন না।
আনাদোলু বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ১৯৮২ সালে উজবেকিস্তানের সমরখন্দে জাতিগত ক্রিমিয়ান তাতার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উমারভ। উজবেকিস্তান তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলো। জোফেস স্ট্যালিনের সময় রাশিয়া থেকে নির্বাসিত তাতারদের ফিরে আসার অনুমতি দেয়ার পর তার পরিবার ইউক্রেনে ফিরে আসে।
সামরিক বাহিনীর কোন অতীত রেকর্ড না থাকা উমারভ শিক্ষণ গ্রহণ করেছেন ইগর সিকরস্কি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। মোট পাঁচটি ভাষায় দখল রয়েছে তাঁর। সেগুলো হলো ইউক্রেনীয়, তাতার, রুশ, তুর্কি ও ইংরেজি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফিউচার লিডারস এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে ১৯৯৮ সালে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে যান। এরপর যোগ দেন ইউরোপিয়ান ইয়ুথ পার্লামেন্টে।
কর্মজীবনে রুস্তম টেলিকিমিউনিকেশ এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন অ্যাসটেম নামের কোম্পানিতে। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতাও তিনি।
২০১৯ সালে এমপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রুস্তম রাজনীতিতে নাম লেখান। ইউরোপপন্থী হলোস পার্টির টিকিটে এমপি নির্বাচিত হন তিনি। এরপর থেকে পার্লামেন্টে বিশেষ করে ক্রিমিয়া ইস্যুতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন তিনি।
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন আদায় করতে তিনি কাজ করেন। গত বছরের সেপ্টেম্বর থেকে জেলেনস্কি সরকারের রাষ্ট্রীয় সম্পত্তি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।
যুদ্ধ শুরুর পর গত বছর মার্চে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছিল ইউক্রেনের একটি প্রতিনিধি দল। ওই দলের সদস্য ছিলেন উমারভ। এ ছাড়া কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্যবাহী জাহাজ চলাচল জারি রাখতে আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দী বিনিময়ের আলোচনায়ও ভূমিকা রয়েছে তাঁর। এ ছাড়া গত বছর মারিওপোল শহরে আটকে পড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আধা সামরিক দল আজভ ব্যাটালিয়নের যোদ্ধাদের মুক্তি নিয়েও দরকষাকষি করেছিলেন তিনি।
লেখকের ফেসবুক পেজে যুক্ত হতে লাইক দিন : আহমেদ


