ইরান থেকে তেল কেনার ব্যাপারে তেহরানের সাথে একটি চুক্তি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, গত শনিবার তেহরানের সাথে কাবুলের যে চুক্তি হয়েছে তার অধীনে দশটি থেকে সাড়ে তিন লাখ টন জ্বালানী তেল কিনবে আফগানিস্তান।
তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয় বলেছে, শনিবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরান সফর করে। যেখাবে আফগানিস্তানের জ্বালানী মূল্য নিয়ন্ত্রণে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। আগামী কয়েক দিনের মধ্যে ইরান থেকে দেশটিতে তেল সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে। এর ফলে আফগানিস্তানে জ্বালানী তেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাবুল।
আফগান অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে কিছু সমঝোতা হয়েছে। এছাড়া তেল সরবরাহের জন্য একটি পাইপলাইন স্থাপন এবং আফগানিস্তানে একটি তেল পরিশোধনাগার স্থাপনে কাজ করবে ইরান।
আফগান সরকারের তেল ও গ্যাস কর্পোরেশনের প্রধান আবদুল গফুরকে উদ্বৃত করে আফগান মিডিয়া জানিয়েছে, ইরান থেকে যথাযথ দাম ও মান বজায় রেখেই সাড়ে তিন লাখ টন তেল কেনা হয়েছে। এছাড়া জ্বালানী আমদানির বিষয়ে রাশিয়া ও তুর্কমেনিস্তানের সাথেও আলোচনা চলছে বলে জানান এই কর্মকর্তা।


