ভারতীয় ধনকুবের গৌতম আদানীর এনডিটিভি চ্যানেলের মালিকানা কেনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গৌতম আদানী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অন্যদিকে ভারতে এখনো যেসব মিডিয়া প্রকাশ্যে মোদি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে থাকে এনডিটিভি তাদের একটি। যে কারণে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদির শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতার র্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়েছে ভারত। রিপোর্টার্স উইদাউট বর্ডার নামক পর্যবেক্ষক সংস্থার র্যাঙ্কিংয়ে ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫০ নম্বরে। যেখানে সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিকরা জেল কিংবা সোস্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকদের নিগ্রহের শিকার হন।
এশিয়ার সেরা ধনী গৌতম আদানি গত মঙ্গলবার এক ঘোষণায় বলেছেন, তার একটি প্রতিষ্ঠান পরোক্ষভাবে নিউ দিল্লি টেলিভিশন বা এনডিটিভির ২৯ শতাংশ শেয়ার কিনেছে, এছাড়া আরো ২৬ শতাংশ কেনার প্রক্রিয়া চলছে।
এনডিটিভির কর্মীরা বলছেন, প্রতিষ্ঠানের সাথে কোন ধরণের আলোচনা কিংবা প্রতিষ্ঠাতার অজ্ঞাতেই মালিকানা হস্তান্তর হয়েছে। সাংবাদিক রাধিকা রায় ও অর্থনীতিবিদ প্রণয় রায়ের প্রতিষ্ঠিত চ্যানেলটির রয়েছে হিন্দি ও ইংরেজী ভাষার দুটি আলাদা ভার্সন।
সাহসী সাংবাদিকতা করতে গিয়ে চ্যানেলটি ইতোমধ্যেই অনেক মামলার সম্মুখীন হয়েছে। মালিকরা বলছেন, প্রতিষ্ঠানটির রিপোর্টিংয়ের কারণেই এসব মামলা দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির এক কর্মী আলজাজিরাকে বলেছেন, এই খবর শোনার পর বার্তা কক্ষের সবাই বড় ধাক্কা খেয়েছে। তারা শুরুতে বিষয়টি বিশ্বাস করতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী জানান, পুরো বিষয়টি তারা জেনেছেন অন্য মিডিয়ায় প্রচারিত খবর দেখে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রি স্পিচ কালেক্টিভের প্রতিষ্ঠাতা গীতা সেশু বলেন, এনডিটিভি কিছুদিন ধরে বাণিজ্যিকভাবে সংগ্রাম করে চললেও যেভাবে মালিকানা হস্তান্তর হচ্ছে সেটা অর্থনৈতিক ও রাজনৈতিক পেশীশক্তির নির্লজ্জ প্রদর্শনী।
আদানী গ্রুপের সাথে সরকারের ঘনিষ্ঠতাও খুব বেশি গোপন নয় বলে তিনি মন্তব্য করেন।


