ওসমানাবাদ ও আওরঙ্গবাদের নাম পাল্টে দিল ভারত

চরম রাজনৈতিক বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার মাঝেই শেষ মূহুর্তে দুটি শহরের নাম পরিবর্তন করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রীসভা। এতে আওরঙ্গবাদ শহরের নাম বদলে রাখা হয়েছে সম্ভাজিনগর এবং ওসমানাবাদ শহরের নাম বদলে রাখা হয়েছে দ্বারাশিব। অনেক সংবাদ মাধ্যম এই পদক্ষেপকে শিবসেনা সরকারের হিন্দুত্ববাদী কার্ড হিসেবে দেখছে।

মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বাধীন সরকারের বেশ কিছু এমএলএ বিদ্রোহ করায় তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এ নিয়ে গোলযোগের মধ্যে বুধবার রাতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন মুখমন্ত্রী উদ্ভব ঠাকরে। তবে তার আগেই মন্ত্রীসভার এক বৈঠকে তড়িঘড়ি করে দুটি শহরের নাম পরিবর্তনের বিষয়টি পাস করা হয়েছে।

নিউজ এটিইনের খবরে বলা হয়েছে, মারাঠা ঐতিহ্যের উত্তরাধিকারকে প্রমাণ করতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আওরঙ্গবাদ এক সময় খাদকি নামে পরিচিত ছিল। যার গোড়াপত্তন করেছিলেন আহমদনগর সালাতানাদের প্রধানমন্ত্রী মালিক আম্বর। এরপর নাম হয় ফাতেহনগর। মুঘল সম্রাট আওরঙ্গজেব ওই অঞ্চলের ভাইস-রয় থাকার সময় জায়গাটিকে আঞ্চলিক রাজধানী করে এর নাম দেন আওরঙ্গবাদ।
মহারাষ্ট্র সরকার মারাঠা নেতা সম্ভাজির নামে শহরটি নতুন নামকরণ করেছে, যার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আওরঙ্গজেব।

এছাড়া ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন করে ধারাশিব রাখার সিদ্ধান্ত হয়েছে। হায়দরাবাদের শেষ শাসক মীর ওসমান আলি খানের নামানুসারে ওসমানাবাদের নামকরণ করা হয়েছিল। এবার শহরের কাছাকাছি ৬ষ্ঠ শতকের এক গুহার নাম থেকে নতুন নাম ধারাশিব রাখা হচ্ছে।

এই পদক্ষেপকে সস্তা রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছে অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিমিন। দলটির নেতা ও আওরঙ্গবাদ থেকে নির্বাচিত লোকসভা এমপি ইমতিয়াজ জলিল বলেছেন, রাজ্যে ক্ষমতা হারাতে শুরু করায় শিবসেনা এমন সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নাম পাল্টেই ইতিহাস পাল্টে ফেলা যায় না…. এটা সস্তা রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top